মধ্য ও পশ্চিম আফ্রিকার লোককথা Contes d'Afrique
Synopsis
"মধ্য ও পশ্চিম আফ্রিকার লোককথা" গ্রন্থে সংকলিত গল্পগুলো আফ্রিকার বিভিন্ন দেশের লোককথা, যা দীর্ঘদিন ধরে কথ্যরূপে প্রচলিত ছিল এবং পরবর্তীকালে ফরাসি ভাষায় লিপিবদ্ধ হয়। সেই ফরাসি মূল পাঠ থেকেই গল্পগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে, বনের ঝোপঝাড়ে, নদীর ধারে ও গ্রামগঞ্জে জন্ম নেওয়া এসব গল্প এক প্রাচীন মানবিক সম্পদ। প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া এই কথামালা শুধু বিনোদন নয়; এগুলো জীবনের পাঠ, নৈতিক শিক্ষা, কল্পনা ও বাস্তবতার এক অনন্য মেলবন্ধন। এই গল্পগুলোর চরিত্র ও ঘটনা যেমন বৈচিত্র্যময়, তেমনি বিস্ময়কর। গল্পগুলো অনুবাদের ক্ষেত্রে শব্দের যান্ত্রিক অনুসরণ নয়, বরং ভাব, আবহ ও কাহিনির প্রাণ অক্ষত রাখার চেষ্টা করা হয়েছে। বাংলা পাঠকের রুচি ও পাঠাভ্যাস বিবেচনায় রেখে ভাষাকে সহজ, সাবলীল ও প্রাঞ্জল করা হয়েছে, যাতে শিশু-কিশোর থেকে শুরু করে যে কোনো বয়সের পাঠক স্বচ্ছন্দে এই গল্পের জগতে প্রবেশ করতে পারেন। এছাড়া গল্পের বিভিন্ন বাঁকে প্রয়োজন অনুযায়ী চিত্র সংযোজন করা হয়েছে, যাতে কাহিনি আরও জীবন্ত ও বোধগম্য হয়ে ওঠে। পাশাপাশি, মধ্য ও পশ্চিম আফ্রিকার ফরাসি ভাষা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু শব্দ, ধারণা ও পরিভাষার ক্ষেত্রে টীকা সংযোজন করা হয়েছে, যাতে পাঠক গল্পের সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুধাবন করতে পারেন।


