ভাষা অর্জন: তত্ত্ব স্বরূপ
Synopsis
মানবশিশু কী প্রক্রিয়ায় ভাষ্য অর্জন করে, এই প্রশ্ন বহুকালের। প্রাচীন ভারতীয় ভাষাচিন্তকরা যেমন এ নিয়ে অনুসন্ধান করেছেন এবং পর্যবেক্ষণ দিয়েছেন, তেমনি পাশ্চাত্য ভাষাদর্শন ভাষাবিজ্ঞানে এর উত্তর খোঁজা হয়েছে বিভিন্ন পদ্ধতিতে। আধুনিক পাশ্চাত্য ভাষাবিজ্ঞানে ভাষিক আচরণ পর্যবেক্ষণের চেয়ে প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহার বেশি, এবং তা এই অনুসন্ধানের জগতে বিপ্লব এনেছে। আধুনিক ভাষাবিজ্ঞানের জনক নোয়াম আভ্রাম চমস্কি প্রশ্ন করেছিলেন, অপ্রতুল ভাষিক প্রসম্ভার (input) থেকে মানবশিশু কী করে ভাষার সম্পূর্ণ জ্ঞান আয়ত্ত করে। অবশ্য এই প্রশ্নের উৎস নিহিত প্লেটোর এই প্রশ্নের মধ্যে যে, যা শিশুকে সচেতনভাবে শেখানোই হয় না তা সে কিভাবে শেখে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জন্ম হয়েছে ‘বিশ্বজনীন ব্যাকরণ’ (Universal Grammar) তত্ত্বের, যা বলে যে একটি বিশ্বজনীন ভাষাবোধ ও ভাষা অনুষদ (Language Faculty) মানবশিশুর মস্তিষ্কে জন্মগতভাবেই থাকে। এই তত্ত্বের বিপরীতে আছে ভাষা অর্জনের আচরণবাদী ও অভিজ্ঞতাবাদী তত্ত্ব, পরিসংখ্যানমূলক শিখন ইত্যাদি। অভিজ্ঞতাবাদী তত্ত্বে শিশুর মস্তিষ্ককে বলা হয় ‘শূন্য শ্লেট’ (Tabula Rasa)। বর্তমান গ্রন্থটি ভাষা অর্জনের এই দুই বিপরীত মতধারাকে মেলানোর প্রয়াস। মূলত এটি ভাষা অর্জন বিষয়ে পিএইচডি গবেষণার অভিসন্দর্ভ।
ISBN 9789843579027


